বেতাগী প্রতিনিধি: উপকূলের সংকট, জলবায়ু ন্যায়বিচার ও মানুষের অধিকার বিশ্বমঞ্চে তুলে ধরতে প্রস্তুত তরুণ জলবায়ু কর্মী খাইরুল ইসলাম মুন্না। বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে জন্ম নেওয়া মো. খাইরুল ইসলাম মুন্নার জলবায়ু নেতৃত্বের পথচলা শুরু হয়েছিল নিজের জীবনের অভিজ্ঞতা থেকে। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে শৈশবে পরিবারের ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা তাঁকে উপকূলের মানুষের দুর্ভোগ ও জলবায়ু সংকট নিয়ে ভাবতে অনুপ্রাণিত করে। প্রায় সাত বছরের প্রচেষ্টায় তৃণমূলের তরুণদের সংগঠিত করে তিনি গড়ে তুলেছেন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি (GPYDS)। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে বর্তমানে এক হাজারের বেশি তরুণ স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, যুব নেতৃত্ব এবং নারী ও শিশুদের অধিকার নিয়ে কাজ করছেন তিনি। এ ছাড়া ২০২৬ সালে LCOY Bangladesh-এর যোগাযোগ ও গণমাধ্যমবিষয়ক নেতৃত্ব, ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল বিভাগের সভাপতি এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইয়ুথ অ্যাডভাইজরি প্যানেলের সদস্য ও কান্ট্রি ম্যানেজমেন্ট টিমে যুব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন মুন্না। এবার তাঁর লক্ষ্য আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের উপকূলীয় মানুষের সংকট ও দাবি তুলে ধরা। ২০২৬ সালের নভেম্বরে তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ইতিমধ্যে সম্মেলনের অফিসিয়াল ব্যাজ ও তুরস্কের ভিসা পেয়েছেন। সম্মেলনে জলবায়ু অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার ও ন্যায্য সহায়তার বিষয়গুলো আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরতে চান তিনি। মুন্নার স্বপ্ন, উপকূলের মানুষের দুর্ভোগ যেন শুধু দুর্যোগের পর সংবাদ শিরোনামে সীমাবদ্ধ না থাকে; বরং তাঁদের অভিজ্ঞতা, অধিকার ও প্রয়োজনীয়তা স্থান পাক জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু নীতিনির্ধারণে।
বরগুনার বেতাগী থেকে আন্তর্জাতিক জলবায়ু মঞ্চে পৌঁছানোর এই যাত্রা শুধু একজন তরুণের সাফল্য নয়, উপকূলের নতুন প্রজন্মের নেতৃত্ব ও সম্ভাবনারও প্রতিচ্ছবি।
দৈনিক শেষকথা Seshkatha News