বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় মো. ছালেক (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সালিশ বৈঠকে অভিযুক্তকে ১০টি জুতার বাড়ি দিয়ে মীমাংসা করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে শিশুটিকে ডেকে নিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন অভিযুক্ত ব্যক্তি। বাড়ি ফিরে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। ভুক্তভোগীর মা অভিযোগ করেন, আর্থিক অসচ্ছলতার কারণে তারা প্রতিবাদ করতে পারেননি। ঘটনার পর তার মেয়ে স্কুলে যেতেও ভয় পাচ্ছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এটি ফৌজদারি অপরাধ; সালিশের মাধ্যমে মীমাংসার সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বিষয়টি খতিয়ে দেখে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক শেষকথা Seshkatha News