পাথরঘাটা প্রতিনিধি: ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য ২৪ বছর আগে নির্মিত বরগুনার পাথরঘাটা উপজেলার আটটি আশ্রয়ণ ব্যারাক এখন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঘরের চাল, বেড়া ও কাঠামো নষ্ট হয়ে গেছে। ভেঙে পড়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা; সামান্য বৃষ্টি ও জোয়ারেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অধিকাংশ ব্যারাক বেড়িবাঁধের বাইরে হওয়ায় জোয়ারের পানি ঘরে ঢুকে পড়ে। ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহসিন ও রেমালের মতো দুর্যোগেও ক্ষতিগ্রস্ত হয়েছে এসব ঘর। ফলে শিশু, নারী ও বয়স্কদের নিয়ে আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুস সোবহান বলেন, একসময় এসব ঘর ছিল আশার ঠিকানা, কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন ভেঙে পড়ার আতঙ্কে থাকতে হচ্ছে।
স্থানীয়রা দ্রুত ঘর সংস্কারের পাশাপাশি টেকসই বেড়িবাঁধ ও উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল জানান, আশ্রয়ণ প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করা হবে। সরকারি বরাদ্দ পাওয়া গেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
দৈনিক শেষকথা Seshkatha News