নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ মণ্ডপে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, তল্লাশি ও নিয়মিত টহলের ব্যবস্থা রাখা হয়েছে। মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা ও জরুরি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ছাড়া গুজব ও অপপ্রচার ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন, পূজা উদযাপন পরিষদ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়ও করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News