বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার পোটকাখালী আশ্রয়ণ প্রকল্পের রিং বেড়িবাঁধ নির্মাণের ছয় মাসের মধ্যেই ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। প্রায় ১ কোটি ৪০ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে নির্মিত বাঁধটির বিভিন্ন স্থানে ক্ষয় ও ফাটল দেখা দেওয়ায় এর নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠেছে!
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পটি বাস্তবায়নের শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ ছিল। বর্তমানে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে বলে জানা গেছে। এতে বাঁধটির স্থায়িত্ব ও নির্মাণকাজের গুণগত মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন ও সহযোগিতায় জাগো নারী যুক্ত ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত পরিদর্শন করে প্রকৃত কারণ নির্ধারণ, নির্মাণসামগ্রীর মান যাচাই এবং অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সুরক্ষায় বাঁধটি দ্রুত টেকসইভাবে সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
দৈনিক শেষকথা Seshkatha News