বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে বিয়েতে অস্বীকৃতির অভিযোগে মো. বারি আজাদ বারেক (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
গত সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি মামলাটি গ্রহণ করে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার অভিযোগ অনুযায়ী, প্রায় ১০ বছর আগে ওই নারীর তালাক হয়। এরপর প্রতিবেশী হিসেবে বারেক তার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং একপর্যায়ে বিয়ের আশ্বাস দেন। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতিতে ওই নারীর সঙ্গে তিনি একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের জন্য চাপ দিলে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। অভিযোগে আরও বলা হয়, গত ১০ সেপ্টেম্বর রাতে বিয়ে ছাড়া আর কোনো সম্পর্কে রাজি না হওয়ায় ওই নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়। পরে স্বজন ও প্রতিবেশীদের বিষয়টি জানিয়ে ওই নারী আদালতে মামলা করেন। তবে অভিযুক্ত বারি আজাদ বারেকের বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
দৈনিক শেষকথা Seshkatha News