বরিশাল প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়িয়া ও নারকেলবাড়িয়া এলাকায় জেলে বহরে হামলা চালিয়ে একটি ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। গত শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬)- দিবাগত রাতে এসব ঘটনা ঘটে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ সূত্রে জানা গেছে, অপহৃতদের মধ্যে বরগুনার পাথরঘাটা ও তালতলীর জেলেসহ খুলনার ১০ জনের পরিচয় পাওয়া গেছে। দস্যুরা মাছ ধরার সময় বিভিন্ন নৌকা থেকে একজন করে জেলেকে জিম্মি করে একটি ট্রলারে তুলে গহীন সুন্দরবনের দিকে নিয়ে যায়।
এদিকে একই রাতে ভদ্রা নদী থেকে আরও দুই জেলেকে ‘করিম-শরীফ বাহিনী’ পরিচয়ে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এর আগের দিন আমবাড়িয়া ও কালামিয়ার ভাড়ানী এলাকা থেকে ‘মজনু বাহিনী’ পাঁচ জেলেকে একটি নৌকাসহ তুলে নেয়। পরপর অপহরণের ঘটনায় বরগুনার পাথরঘাটা ও তালতলীসহ সুন্দরবনসংলগ্ন এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে নতুন করে দস্যু আতঙ্ক দেখা দিয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অনুসন্ধান ও বিশেষ অভিযান পরিচালনা করছে।
দৈনিক শেষকথা Seshkatha News