আমতলী প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরগুনার আমতলী থানায় পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় থানা এলাকার ১৬টি পূজা মণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় মণ্ডপে সিসিটিভি স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনিরাপত্তা ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং গুজব প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। আজান ও নামাজের সময় মাইক-সাউন্ড সিস্টেম বন্ধ রাখার পাশাপাশি মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়। পুলিশ জানায়, পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত মণ্ডপগুলোতে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও থাকবে। অপ্রীতিকর ঘটনা বা গুজবের ক্ষেত্রে ৯৯৯ অথবা আমতলী থানার ওসির সরকারি নম্বরে তাৎক্ষণিক যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
দৈনিক শেষকথা Seshkatha News