বরগুনার উপকূলীয় নদ-নদীতে ইলিশের বিচরণ ও প্রজনন নিয়ে বৈজ্ঞানিক গবেষণার জন্য পূর্ণাঙ্গ মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় বরগুনায় মৎস্য অধিদপ্তর আয়োজিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়নে প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক কর্মশালায় এ দাবি জানানো হয়। কর্মশালায় বক্তারা বলেন, গবেষণা কেন্দ্র স্থাপন করা হলে ইলিশের বিচরণ ও প্রজননক্ষেত্র, পানির গুণগত মান, খাদ্যচক্র, উৎপাদনশীলতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ধারাবাহিক গবেষণা করা সম্ভব হবে। এসব তথ্যের ভিত্তিতে ইলিশ সংরক্ষণ ও মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা যাবে। কর্মশালায় জানানো হয়, পায়রা, বিষখালী, বলেশ্বর, কীর্তনখোলা ও তেঁতুলিয়াসহ বরগুনা ও আশপাশের বিভিন্ন নদ-নদীতে ইলিশের বিচরণ রয়েছে। এ ছাড়া ইলিশ রক্ষায় মা ইলিশ ও জাটকা সংরক্ষণসহ সরকারের বিভিন্ন কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়। বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসানের প্রধান অতিথিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন। এতে মৎস্য কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
বরগুনায় পূর্ণাঙ্গ মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি
- প্রকাশের সময় : Oct 6, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় পূর্ণাঙ্গ মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News