বরগুনা প্রতিনিধি: বরগুনাকে চাঁদাবাজমুক্ত করা, আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল এবং অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। এ ক্ষেত্রে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
গত শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলার সাংবাদিকদের সঙ্গে বিকেল তিনটায় সার্কিট হাউসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চীফ হুইপ বলেন, বরগুনার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগিয়ে জেলার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা দূর করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জ্বালানি সংকট মোকাবিলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর উদ্যোগ প্রয়োজন। প্রতিহিংসার পরিবর্তে জনকল্যাণ ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। বরগুনার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন চীফ হুইপ।
দৈনিক শেষকথা Seshkatha News