আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে ওমর ফারুক (১৭) নামে এক কলেজছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বর্তমানে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ওমর ফারুক আমতলী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তাঁর অভিযোগ, একই কলেজের চার শিক্ষার্থী আবিদ, সজিব, বায়েজিদ ও তরিকুল তাঁকে অটোরিকশায় তুলে কালীবাড়ি এলাকার নির্জন স্থানে নিয়ে হকি স্টিক দিয়ে মারধর করেন। পরে তাঁকে সড়কের পাশে ফেলে রেখে যান এবং ঘটনা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেন।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বায়েজিদ হোসেন দাবি করেন, বিএনপির বিরুদ্ধে কটূক্তি করায় ওমর ফারুককে মারধর করা হয়েছে। তবে তাঁকে তুলে নেওয়া ও মারধরের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন তিনি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমুল ইসলাম রাহাত জানান, আহত শিক্ষার্থীকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হবে।
দৈনিক শেষকথা Seshkatha News