আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে এলপিজি গ্যাসের সংকটকে কেন্দ্র করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১২ কেজির সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। ক্রেতাদের অভিযোগ, ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারিত মূল্যের সিলিন্ডার ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের দাবি, ডিলারদের কাছ থেকে খুচরা বিক্রেতারা প্রায় ১ হাজার ৮০০ টাকায় সিলিন্ডার কিনছেন। পরে তা আরও বেশি দামে বিক্রি করছেন। এতে প্রতি সিলিন্ডারে ক্রেতাদের অতিরিক্ত কয়েকশ টাকা গুনতে হচ্ছে। ক্রেতা হুমায়ুন কবির জানান, তিন দিন আগে তালুকদার বাজার থেকে একটি ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ১০০ টাকায় কিনেছেন। অন্যদিকে বিক্রেতারা দাবি করছেন, সরবরাহ সংকট ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। ডিলারদের কয়েকজন জানান, বাজারে এলপিজির সরবরাহ কমে গেছে এবং কয়েকটি কোম্পানির সিলিন্ডার সরবরাহ বন্ধ রয়েছে। কেউ কেউ পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কথাও উল্লেখ করেন।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির সুযোগ নেই। বেশি দামে বিক্রি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক শেষকথা Seshkatha News