বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার ৫ নম্বর বুড়ামজুদার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বসতঘর থেকে গরু কেনার জন্য জমানো ৫৫ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। গত ২৪ আগস্ট দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী মো. নাঈম সিকদার। নাঈম সিকদার ওই এলাকার বাসিন্দা মো. আইয়ুব আলী সিকদারের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান। স্থানীয়রা জানান, দিন এনে দিন খাওয়া পরিবারটির সংসারে নাঈমের আয় ছিল অন্যতম ভরসা। দীর্ঘদিনের কষ্টার্জিত আয় থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে একটি গরু কেনার পরিকল্পনা করেছিলেন তিনি। ভুক্তভোগীর অভিযোগ, গরু কেনার জন্য জমানো টাকা তাঁর নিজের একটি ব্যাগ, স্ত্রীর ব্যাগ এবং মাটির তৈরি ব্যাংকে রাখা ছিল। সব মিলিয়ে প্রায় ৫৫ হাজার টাকা জমিয়েছিলেন তিনি। গত ২৪ আগস্ট দিবাগত রাতে কে বা কারা বসতঘরে প্রবেশ করে ওই টাকা চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী নাঈম সিকদার বলেন, “গরু কেনার জন্য অনেক কষ্ট করে ৫৫ হাজার টাকা জমিয়েছিলাম। কে বা কারা আমার ঘরে ঢুকে টাকাগুলো চুরি করে নিয়ে গেছে। আমার কষ্টের জমানো টাকা দিয়ে একটি গরু কিনতে চেয়েছিলাম। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।”
চুরির ঘটনায় পরিবারটির মধ্যে হতাশা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের ধারণা, চুরির সঙ্গে স্থানীয় কেউ জড়িত থাকতে পারে। তাঁরা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
দৈনিক শেষকথা Seshkatha News