বরগুনা প্রতিনিধি: বরগুনায় সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তারের সময় হ্যান্ডকাফ পরানোর ঘটনায় অভিযুক্ত এসআই হারুন অর রশিদকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৬ অক্টোবর) তাকে প্রত্যাহার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্তে বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এদিকে এক কোটি টাকা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি বুধবার হওয়ার কথা থাকলেও আদালত বাদীর উপস্থিতিতে শুনানির জন্য তা বৃহস্পতিবার (৭ অক্টোবর) ধার্য করেছেন -
গত ১ অক্টোবর রাতে মামলাটিতে আসাদ সবুজকে গ্রেপ্তার করা হয়। মামলায় আরও ১৩ জনকে আসামি করা হয়েছে। সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে গ্রেপ্তারের সময় হ্যান্ডকাফ পরানো ও আচরণের প্রতিবাদ জানিয়ে তদন্তের দাবি করা হয়েছে। জামিন শুনানিতে আইনজীবী এম এ বারী মতিন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষে আইনজীবী মোস্তফা কাদের ও বাবুল দাস উপস্থিত ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News