পাথরঘাটা প্রতিনিধি; বরগুনার পাথরঘাটায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আবু বক্কর (৩০) ও মো. আল মামুন (২৮) নামে দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী।
গত বুধবার (৭ অক্টোবর) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি অভিযোগটি আমলে নিয়ে পাথরঘাটা থানার ওসিকে এজাহার রুজুর নির্দেশ দেন। মামলার এজাহার অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর রাতে আবু বক্কর কৌশলে গৃহবধূর ঘরে প্রবেশ করে চাকু দেখিয়ে হত্যার হুমকি দেন এবং জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাঁর সহযোগী আল মামুন জানালার বাইরে থেকে ঘটনার ভিডিও ধারণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়। পরে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূর কাছে দুই লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। বিষয়টি স্বামীকে জানানোর পর তাঁর পরামর্শে আদালতে মামলা করেন ওই নারী। অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
দৈনিক শেষকথা Seshkatha News