বরগুনা জেলা প্রতিনিধি : ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
গত শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস। সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার রুহুল আমীন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার খালিদ সাইফুল্লাহ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আবদুস শাকুর এবং জেলা শিক্ষা কর্মকর্তা শিরিন আকতার।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক অর্থনীতিতে টিকে থাকতে হলে দক্ষতা, প্রযুক্তি, উদ্ভাবন, মান নিয়ন্ত্রণ ও সঠিক কর্মপরিকল্পনার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। দেশের তরুণ জনগোষ্ঠীকে আধুনিক প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে উৎপাদনশীলতা বাড়াতে হবে। প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে। আলোচনা সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনশক্তি তৈরি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং কর্মক্ষেত্রে মানসম্মত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
দৈনিক শেষকথা Seshkatha News