বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী সার্বজনীন কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তাঁর মতে, সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারি কার্যক্রমে কোনো ধরনের বৈষম্য করা হয়নি। এ সময় বেতাগী সার্বজনীন কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি মনি শংকর ও বরুণ কৃষ্ণ কর্মকার চীফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন তাঁরা। এ সময় মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি মডেল মন্দির নির্মাণের দাবি জানানো হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশ গঠনের বিষয়গুলো এ পরিদর্শনে গুরুত্ব পায়।
দৈনিক শেষকথা Seshkatha News