আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ১০ শয্যাবিশিষ্ট পল্লী স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অন্তর্বিভাগের চিকিৎসাসেবা। প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকটে হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। বর্তমানে মাত্র একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা দিয়ে বহির্বিভাগের সেবা চলছে। প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ জন রোগী চিকিৎসা নিলেও জনবল সংকটে ব্যাহত হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা। অন্তর্বিভাগ বন্ধ থাকায় রোগী ভর্তি করে চিকিৎসার সুযোগও নেই। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল না থাকায় গুরুতর ও জরুরি রোগীদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দূরের হাসপাতালে যেতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় এ ভোগান্তি আরও বেড়ে যায়।
বরগুনার সিভিল সার্জন ও বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, হাসপাতালে দীর্ঘদিন ধরে একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। জনবল সংকট রয়েছে। সেখানে স্থায়ীভাবে একজন চিকিৎসা কর্মকর্তা পদায়নের চেষ্টা চলছে।
স্থানীয়দের দাবি, দ্রুত চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে ১০ শয্যার হাসপাতালটির অন্তর্বিভাগ চালু করা হোক। এতে কুকুয়া ও আশপাশের প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।
দৈনিক শেষকথা Seshkatha News