আমতলী প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বরগুনায় স্বেচ্ছাসেবী সংগঠন যুব স্পন্দনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে সংগঠনটির বৃহৎ উদ্যোগ ‘২ লক্ষের সবুজ স্বপ্ন’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গত মঙ্গলবার আমতলী এম ইউ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন আমতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, যুব স্পন্দনের সভাপতি মো. রাকিবুল ইসলাম (রাকিব), সাধারণ সম্পাদকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে পুরো বরগুনা জেলায় ২ লাখ গাছ রোপণের লক্ষ্য নেওয়া হয়েছে। শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, দর্শনীয় স্থান এবং মহাসড়কের উপযুক্ত স্থানগুলোতে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে। যুব স্পন্দনের সভাপতি মো. রাকিবুল ইসলাম বলেন, শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হবে। জেলার বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি।
দৈনিক শেষকথা Seshkatha News