আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা ইউনুস আলী খান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও আনন্দ উৎসব অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে কলেজ মিলনায়তনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমতলী উপজেলা বিএনপির একাধিক নেতা প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দীন ফকির। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধান অতিথির বক্তব্য শেষ হওয়ার পর উপস্থিত শিক্ষার্থীদের একটি অংশ স্লোগান দিচ্ছে। ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দীন ফকির বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছেন। বিষয়টি নিয়ে কলেজের কয়েকজন প্রভাষকের সঙ্গেও কথা হয়েছে। যেসব শিক্ষার্থী এ ধরনের স্লোগান দিয়েছে, তাদের শনাক্ত করতে বলা হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুহিন মৃধা বলেন, ‘পেছনে হৈ-হুল্লোড় হয়েছে শুনেছি। তবে জয় বাংলা কোনো স্লোগান আমরা শুনিনি। হয়তো এআইয়ের মাধ্যমে ভিডিওটি সম্পাদনা করে দেওয়া হয়ে থাকতে পারে। আমরা সামনে ছিলাম। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আমি দেখেছি।’ কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া বলেন, ‘এরকম কোনো স্লোগান দেওয়া হয়েছে বলে আমি শুনিনি। যখন প্রধান অতিথি বক্তব্য দিচ্ছিলেন, তখন আমি সেখানে ছিলাম না।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘এরকম একটি ভিডিও আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা তদন্তের ঘোষণা পাওয়া যায়নি।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, নবীন শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News