মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাবের পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে বরগুনার আব্দুল আলীম (৩২) ও আবু হানিফ (৩২) রয়েছেন।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগরের হরিবাড়ী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তাররা র্যাবের পোশাক, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি করতেন। এবার শ্রীনগর বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দেড় কেজি স্বর্ণ লুটের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। অভিযানে একটি টয়োটা মাইক্রোবাস, মোটরসাইকেল, র্যাব লেখা কটি, ওয়াকিটকি, খেলনা পিস্তল, হ্যান্ডকাপ, র্যাবের লোগোযুক্ত আইডি কার্ড, এসএস পাইপ, ইলেকট্রিক শক মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দৈনিক শেষকথা Seshkatha News