বরগুনা জেলা প্রতিনিধি: ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে দৈনিক প্রথম আলোর উদ্যোগে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় বরগুনায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীরা অংশ নেয়। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বরগুনা প্রতিনিধি মোহাম্মদ রফিক। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম বলেন, জিপিএ-৫ অর্জন জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উপকূলের সন্তান হলেও মেধা ও যোগ্যতায় শিক্ষার্থীদের কোনো সীমাবদ্ধতা নেই। তিনি তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জাগোনারীর নির্বাহী পরিচালক হোসনেয়ারা হাসি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি মানবিক, দায়িত্বশীল ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বক্তব্য দেন বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া। সংবর্ধনায় বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কথামনি হালদার অংশ নেয়। বরগুনা জেলায় মানবিক বিভাগে সর্বোচ্চ নম্বর পাওয়া কথামনি ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্নের কথা জানায়। এদিকে পিরোজপুরের সীমান্তবর্তী এলাকা থেকে মেয়ে আফিয়া উম্মে সালমাকে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন তাঁর মা খাদিজা বিনতে তাহিরা। তিন ধরনের যানবাহন পরিবর্তন করে তাঁরা সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছান। বামনা উপজেলার আসমাতুল নেছা মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া আফিয়া সংবর্ধনায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে।
দেশের ৬৪ জেলায় ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হচ্ছে। বরগুনার অনুষ্ঠানটি শেষ হয় তরুণ শিল্পী দিপু রাহান ও তাঁর দলের মনোজ্ঞ সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। তাঁদের গানের সঙ্গে কণ্ঠ মেলান উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
দৈনিক শেষকথা Seshkatha News