বরগুনা প্রতিনিধি: বরগুনায় রাতের আঁধারে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সার্ভিস তার চুরির ঘটনা বেড়েছে। গত দুই মাসে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত দুই শতাধিক বাড়ির সার্ভিস তার চুরি হয়েছে বলে স্থানীয়দের দাবি। চোরের হাত থেকে রেহাই পায়নি বরগুনা সদর থানার ওসির সরকারি বাসার তারও। সদর উপজেলার ক্রোক এলাকায় গত ১৩ সেপ্টেম্বর রাতে বিধবা মোরশেদা বেগমের বাসা ও চায়ের দোকানের প্রায় ৩০ হাজার টাকা মূল্যের সার্ভিস তার চুরি হয়। এরপর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় আর্থিক সংকটে নতুন তার কিনতে না পেরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি। এতে তাঁর দোকানের বেচাকেনাও কমে গেছে। স্থানীয়দের অভিযোগ, ক্রোক এলাকায় অন্তত ৫০টি বাড়ির তার চুরি হয়েছে। একই সঙ্গে পৌর বর্জ্য শোধনাগার ও ল্যাম্পপোস্টের তারও চুরি হয়েছে। চোরেরা সার্ভিস তারের প্লাস্টিকের আবরণ খুলে তামা নিয়ে যাচ্ছে বলে জানান স্থানীয়রা। বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, তাঁর সরকারি বাসার সার্ভিস তারও চুরি হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে চোর চক্র শনাক্তে পুলিশ অভিযান চালাচ্ছে এবং ভাঙারি দোকানগুলোতেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন জানান, সার্ভিস তার চুরির একটি চক্র সক্রিয় থাকার তথ্য পুলিশের কাছে রয়েছে। এরই মধ্যে চক্রের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য সদস্যদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
দৈনিক শেষকথা Seshkatha News