বরগুনা প্রতিনিধি: বরগুনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক মাদ্রাসাশিক্ষক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে!
ভুক্তভোগীর অভিযোগ, গত ২৬ জুলাই ২০২৬- রাতে কে জি স্কুল সড়কের আফিয়া মঞ্জিলে মাদ্রাসাশিক্ষক মো. ইসমাইল ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বাধা ও চিৎকার করলে তাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। অভিযোগ রয়েছে, শিক্ষকের স্ত্রী নুসরাত ইট দিয়ে ওই নারীর মাথায় আঘাত করেন এবং তার মোবাইল ফোন ভেঙে প্রায় দুই লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন নিয়ে যান। মাদ্রাসার প্রিন্সিপাল রেদওয়ানও তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত নারীকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ২৭ জুলাই বরগুনা সদর থানায় মামলা করেন। রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬)- বরগুনা সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করেন, মামলা দায়েরের পর আসামিরা তাকে ও তার পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. জাহাঙ্গীর বলেন, ভুক্তভোগী পরিবারকে হুমকির বিষয়টি জানা গেছে। মামলার আসামিরা পলাতক রয়েছেন এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
দৈনিক শেষকথা Seshkatha News