বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গ্রামীণব্যাংক রোডে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে সড়কটির পানি দ্রুত অপসারণের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। ফলে পথচারীদের চলাচলে ভোগান্তির পাশাপাশি স্থানীয়দের দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর দাবি, সড়কটির মাত্র ২০০ থেকে ২৫০ ফুট এলাকায় প্রয়োজনীয় উঁচুকরণ অথবা পানি নিষ্কাশনের উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা করা হলে দীর্ঘদিনের এ জলাবদ্ধতা নিরসন সম্ভব। এ বিষয়ে বেতাগী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত সরেজমিনে বিষয়টি পরিদর্শন করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন ---
স্থানীয়দের ভাষ্য, দায়িত্বশীল ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে মুহ. সাদ্দাম হোসেন ইতোমধ্যে বেতাগীবাসীর আস্থা অর্জন করেছেন। সম্প্রতি তার বদলির আদেশ হলেও স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে তাকে পুনরায় বেতাগীতে বহাল রাখা হয় বলে জানা গেছে। তাই সড়কটির জলাবদ্ধতা নিরসনে তার দ্রুত হস্তক্ষেপের প্রত্যাশা করছেন এলাকাবাসী।
দৈনিক শেষকথা Seshkatha News