আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি আঞ্চলিক সড়কের প্রায় ২০০ ফুট অংশ ফাটল ধরে ২–৩ ফুট নিচে দেবে গেছে। এতে সড়কটির নির্মাণমান ও স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।উপজেলার কালিবাড়ি খালের পাশের ওই সড়কের দেবে যাওয়া অংশ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন বাস, ট্রাক, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা লাল কাপড় টাঙিয়ে সতর্কবার্তা দিয়েছেন। উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩–২৪ অর্থবছরে আমতলী সরকারি একে পাইলট হাইস্কুল চৌরাস্তা থেকে আমতলী-গাজীপুর ভায়া তালুকদার বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটির কার্যাদেশ পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন। পরে সাব-কন্ট্রাক্টের মাধ্যমে নির্মাণকাজ সম্পন্ন করেন চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খান বাদল। স্থানীয় যানবাহন চালকদের অভিযোগ, দেবে যাওয়া অংশ দিয়ে বিশেষ করে রাতে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্রুত সড়কটি সংস্কার এবং নির্মাণের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী জানান, খবর পেয়ে সড়কটি পরিদর্শন করা হয়েছে। কালিবাড়ি খালের পাশের অংশ হওয়ায় সড়কটি দেবে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঠিকাদারকে ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ না করা পর্যন্ত ঠিকাদারকে কোনো বিল দেওয়া হবে না। বরগুনা জেলা নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসানও বিষয়টি পরিদর্শনে টিম পাঠানোর কথা জানিয়েছেন।
দৈনিক শেষকথা Seshkatha News