তালতলী প্রতিনিধি: ‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বরগুনার তালতলীতে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কারিতাস ভবনে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) ও ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শহিদুল হক, তালতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হারুন আর-রশিদসহ স্থানীয় শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News