প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 27, 2026 ইং
পটুয়াখালীতে বরগুনার নবদিগন্ত বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ২

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (২৭ মে) সকালে উপজেলার সুবিদখালী-চরখালী সড়কের চরখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরগুনাগামী নবদিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন।
এ সময় গুরুতর আহত হন আরও দুইজন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশা জব্দ করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন