প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 25, 2026 ইং
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বরগুনা জেলা স্কুলের বিভাগীয় শিরোপা জয়

অলিউল্লাহ্ ইমরান, বরগুনা: বরগুনায় অনুষ্ঠিত ‘প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬’-এর বরিশাল বিভাগীয় পর্বের ফাইনালে দুর্দান্ত জয় পেয়েছে বরগুনা জেলা স্কুল।
গত সোমবার (২৫ মে) বরগুনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ৬ উইকেটে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় ৩২.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে। দলের হয়ে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। বরগুনা জেলা স্কুলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে প্রতিপক্ষ দল।
জবাবে ব্যাট করতে নেমে বরগুনা জেলা স্কুল মাত্র ১৫.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে সহজ জয় নিশ্চিত করে। দলের ব্যাটাররা আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক খেলায় দ্রুত লক্ষ্য স্পর্শ করেন।
খেলা শেষে জেলা স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, কোচ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রাণবন্ত আয়োজনে পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে।
বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এডিসি (শিক্ষা) অনিমেষ বিশ্বাস। তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে অনিমেষ বিশ্বাস বলেন, তরুণ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered