প্রিন্ট এর তারিখঃ May 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 20, 2026 ইং
হত্যা মামলার আসামি ধরতে গিয়ে আহত ৬ ডিবি পুলিশের সদস্য!

বরগুনা প্রতিনিধি: বরগুনায় হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। এ ঘটনায় ডিবির ৬ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যা মামলার আসামি জহিরুলসহ ৫ জনকে আটক করে।
গত মঙ্গলবার (১৯ মে) দিবাগত মধ্যরাতে বরগুনা সদর উপজেলার জাকিরতবক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন—এএসআই অনিক এবং কনস্টেবল প্রিন্স, মাহমুদ, অমিত, আব্দুল্লাহ ও সবুজ। আহতদের বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৭ অক্টোবর রাতে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলায় পুলিশ সদস্য লিটন ফরাজী, তার বাবা আব্দুর রশিদ ফরাজী ও ভাই রাব্বি ফরাজী গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর মারা যান আব্দুর রশিদ ফরাজী। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।
ওই মামলার এজাহারভুক্ত আসামি জহিরুলকে গ্রেপ্তারের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানের সময় জহিরুলের স্বজন ও সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে ডিবির ৬ সদস্য আহত হন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর থানা ও পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর হত্যা মামলার আসামি জহিরুলকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে আরও চারজনকে আটক করেছে পুলিশ।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, অভিযানের সময় ডিবি সদস্যদের ওপর হামলা ও তাদের অবরুদ্ধ করার ঘটনা ঘটে। পরে থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে বরগুনা ডিবির ওসি মো. আনোয়ার হোসেন জানান, হত্যা মামলার আসামি জহিরুলকে গ্রেপ্তারের সময় তিনি ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালান। এছাড়া জহিরুল মাদক কারবার ও ডাকাতির সঙ্গেও জড়িত বলে তথ্য রয়েছে। হামলার ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন