প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 18, 2026 ইং
বরগুনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে ও সুন্দরবন রক্ষায় কর্মশালা

মোঃ আসাদুজ্জামান, বরগুনা প্রতিনিধি: পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং সুন্দরবনের পরিবেশ রক্ষায় বরগুনায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ১১টায় বরগুনা সদর উপজেলার উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে সুন্দরবন প্রকল্প-বরগুনা। এতে সহযোগিতা করে রূপান্তর ও হেলভেটাস জার্মানি।
কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক সংগঠন, সাংবাদিক এবং পরিবেশকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে নিবন্ধন শেষে অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন রূপান্তরের জেলা প্রতিনিধি মো. খলিলুর রহমান। সভাপতিত্ব করেন সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনার আহ্বায়ক মনির হোসেন কামাল। এসময় সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ রায় এবং ফিল্ড অফিসার আদিবা সুলতানা প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন। পাশাপাশি পলিথিন ও প্লাস্টিক দূষণের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এজেডএম সালেহ ফারুক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহসহ জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনায় বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক দূষণের কারণে নদী-খাল, বনাঞ্চল ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পরিবেশবান্ধব বিকল্প পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে সুন্দরবন রক্ষায় স্থানীয় প্রশাসন, পরিবেশবাদী সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ আজিজ। তিনি বলেন, “সুন্দরবন শুধু একটি বন নয়, এটি দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। প্লাস্টিক দূষণ রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন