প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 14, 2026 ইং
আমতলীতে এক যুবককে কুপিয়ে হত্যা

বরগুনার আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় মাজহারুল ইসলাম মনোয়ার (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত বুধবার (১৩ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে আমতলী সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের বাসিন্দা এবং মো. জয়নাল মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে খুরিয়ার খেয়াঘাট ব্রিজের পশ্চিম পাশে আজিজ মৃধার রাইস মিল সংলগ্ন শামসুল হকের বাড়ির বিপরীতে খালের পাড় থেকে ডাক-চিৎকারের শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে মনোয়ারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. শুভেন্দু রায় জানান, হাসপাতালে আনার আগেই মনোয়ারের মৃত্যু হয়েছে। তার দুই পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের ছোট বোন শাহিনুর বলেন, “আমার ভাইকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered