প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 12, 2026 ইং
বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন

বরগুনা জেলায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এবারের আন্তর্জাতিক নার্স দিবসের প্রতিপাদ্য ছিল— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সের ক্ষমতায়ন”।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা সদরের উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আজিজ, নার্সিং ইনস্টিটিউট বরগুনার ইন্সট্রাক্টর ইনচার্জ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা ও সিভিল সার্জন আবুল ফাত্তাহ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, “নার্সরা স্বাস্থ্য ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। একজন নার্স শুধু সেবা দেন না, তিনি রোগীর মানসিক শক্তি হয়ে ওঠেন। আমাদের ভবিষ্যতের স্বাস্থ্য নিরাপত্তার জন্য নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও যথাযথ সম্মান নিশ্চিত করা অপরিহার্য।”
বক্তারা নার্সিং পেশার গুরুত্ব, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নার্সদের ক্ষমতায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিবসটির আয়োজন শেষ হয়।
স্থান: নার্সিং ইনস্টিটিউট, বরগুনা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered