প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 8, 2026 ইং
বরগুনায় রবীন্দ্রনাথ ও জাতীয় কবি নজরুলের জন্মবার্ষিকী উদযাপন

আতিকুর রহমান ইশতি, বার্তা সম্পাদক (দৈনিক শেষকথা): বরগুনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।
গত শুক্রবার (৮ মে) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। জেলা প্রশাসন-এর আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সেলিম শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এজেডএম সালেহ ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুর শাকুর এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকুসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কবিদ্বয়ের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কলেজের প্রভাষক রাজিব হালদার এবং সরকারি মহিলা কলেজের প্রভাষক দীপক চন্দ্র দেবনাথ। এছাড়া স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমী সাধারণ মানুষ অংশ নেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের চিন্তা ও সৃষ্টি আমাদের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মকে তাঁদের আদর্শ ও সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে হবে। সাহিত্যের মাধ্যমে জীবনবোধ ও মননশীলতার বিকাশ ঘটানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন