প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 7, 2026 ইং
বরগুনা প্রেসক্লাবে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

আতিকুর রহমান ইশতি, বরগুনা: বরগুনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, “বরগুনার উন্নয়নে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই। জেলা পরিষদের সম্পদ জনগণের সম্পদ। এসব সম্পদের সুষ্ঠু সংরক্ষণ ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে জেলার উন্নয়ন নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী কামাল নায়েব, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল ও সোহেল হাফিজ।
উক্ত সভা পরিচালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন, বেকারত্ব, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা এবং পরিবেশগত নানা সমস্যা তুলে ধরেন। একই সঙ্গে সম্ভাবনাময় পর্যটন খাত, মৎস্যসম্পদ ও কৃষিভিত্তিক উন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered