প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 4, 2026 ইং
বরগুনায় খাল খননে গতি—জলাবদ্ধতা নিরসনে মাঠে পানি উন্নয়ন বোর্ড, আশাবাদী স্থানীয়রা

সোহরাব, বরগুনা থেকে: বরগুনায় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন ও দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে খাল খনন কার্যক্রম জোরদার করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অধীনে চলমান এ কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় সোমবার ৪মে ২০২৬, খাল এলাকায় সরেজমিনে পরিদর্শনে যান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহনেয়াজ তালুকদার, নির্বাহী প্রকৌশলী মো. হান্নান প্রধান, উপবিভাগীয় প্রকৌশলী মেহেরাজ এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্বপন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা খনন কাজের অগ্রগতি, গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহনেয়াজ তালুকদার বলেন, খাল খনন সম্পন্ন হলে পানি চলাচল স্বাভাবিক হবে। এতে কৃষি জমির উৎপাদনশীলতা বাড়বে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।
নির্বাহী প্রকৌশলী মো. হান্নান প্রধান জানান, এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। দ্রুত বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। খাল খনন কার্যক্রম দ্রুত শেষ হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তারা আশা করছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, উন্নয়নের ধারাবাহিকতায় নেয়া এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরে আসবে।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন