প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 2, 2026 ইং
তালতলীতে ৫ কিমি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

বরগুনার তালতলী উপজেলায় ‘অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি) প্রকল্পের আওতায় ৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার (২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় বড়বগী-বড় ভাইজোড়া খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
জানা যায়, প্রকল্পটির আওতায় বড়বগী-বড় ভাইজোড়া খালের ৫ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে, যার ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা। সংশ্লিষ্টরা আশা করছেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে বড়বগী ও ছোটবগী ইউনিয়নের কয়েক হাজার প্রান্তিক কৃষক শুষ্ক মৌসুমে সেচ সুবিধা পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং চাষাবাদের ব্যয় কমে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন তালতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল হক, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. আফজাল হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে গ্রহণ করা এ প্রকল্প স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন