প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 1, 2026 ইং
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

বরগুনা প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে বরগুনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি-র সামনে গিয়ে শেষ হয়।
পরে সকাল ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আর এম সেলিম শাহ নেয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন এবং জেলা শ্রমিক দলের আহ্বায়ক নাসিরুদ্দিন।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি যে কোনো দুর্যোগ-দুর্দশায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। সকল পেশার শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দিনব্যাপী কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered