প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 1, 2026 ইং
দুর্ভোগে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা -

বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগী পৌর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়-এর সামনে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার অভাবে বিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় জমে থাকা পানিতে চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, শিক্ষক ও পথচারীরা।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, পৌর শহরের বাজারে প্রবেশমুখে একটি সেতুর ঢালসংলগ্ন সড়কের দক্ষিণ পাশে বিদ্যালয়টি অবস্থিত। সড়কের উত্তর পাশে রয়েছে জেলা পরিষদের ডাকবাংলো। তবে পানি নিষ্কাশনের জন্য সড়কের পাশে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়।
বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ধ্রুব অর্ক মণ্ডল ও ধ্রুব গাইন জানায়, বৃষ্টির দিনে কাদাপানির মধ্য দিয়ে হেঁটে ক্লাসে যেতে হয়। এতে তাদের জুতা ও পোশাক ভিজে যায় এবং স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।
শিক্ষার্থীর অভিভাবক সুশান্ত কুমার গাইন বলেন, “বৃষ্টি হলেই পানি জমে যায়। সন্তানদের স্কুলে পাঠাতে বাড়তি উদ্বেগে থাকতে হয়।”
বিদ্যালয়ের সামনে ব্যবসা করা স্থানীয় দোকানি মো. কামাল হোসেন অভিযোগ করেন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। তিনি দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ ও সড়ক উঁচু করার দাবি জানান।
এ বিষয়ে বেতাগী পৌরসভা-র নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, সমস্যাটি তাদের নজরে রয়েছে এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে।
পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেনও জানান, সমস্যার স্থায়ী সমাধানে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থী ও পথচারীদের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered