প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 30, 2026 ইং
মাদক ও চুরির অভিযোগে গ্রাম পুলিশের অপসারণ দাবিতে তালতলীতে বিক্ষোভ

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে গ্রাম পুলিশ আলামিনের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। মাদক বিক্রি, মাদক সেবন, চুরি ও নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মঙ্গলবার তার নিজ এলাকা নিশানবাড়িয়ার মরানিদ্রা গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কয়েকশ মানুষ অংশ নেন। বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, নিশানবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ আলামিন দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছেন।
তাদের দাবি, আলামিন নিজে মাদক সেবন করেন এবং এলাকায় মাদক বিক্রির একটি চক্রের সঙ্গে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে গরু চুরি, দোকানের বৈদ্যুতিক লাইট ও জুতা চুরির মতো একাধিক অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানান, বিভিন্ন সময় চুরির ঘটনায় আলামিন হাতেনাতে ধরা পড়লেও গ্রাম পুলিশ হওয়ায় প্রভাব খাটিয়ে পার পেয়ে যান। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের মাধ্যমে বিচার করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন হয়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা এমন গ্রাম পুলিশ চাই না, যে রক্ষক হয়ে ভক্ষকের কাজ করবে। আলামিনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত গ্রাম পুলিশ আলামিনের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত তার অপসারণ এবং অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered