প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 26, 2026 ইং
যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও: পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: ‘যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে পাথরঘাটা নতুন বাজার খাল সংলগ্ন বিএফডিসি সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা-ধরা-এর সহযোগিতায় পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন এ কর্মসূচি বাস্তবায়ন করে।
মানববন্ধনে ধরিত্রী রক্ষায় আমরা-ধরা’র পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য দেন পাথরঘাটা উপজেলা পানি কমিটির সভাপতি এরফান আহমেদ সোয়েন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, সমাজসেবক মেহেদী শিকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। খাদ্যদ্রব্যের দাম বাড়ছে, কৃষি ও শিল্পখাত ব্যাহত হচ্ছে, শ্রমিকদের আয় কমে যাচ্ছে এবং পরিবারগুলো অর্থনৈতিক চাপে পড়ছে।
তারা আরও বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে। তাই এখনই সময় নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকতে হবে। এতে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনি অর্থনৈতিক সাশ্রয়ও সম্ভব হবে।
বক্তারা দ্রুত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered