প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 24, 2026 ইং
বেতাগীতে জমি বিরোধে পঞ্চম শ্রেণির ছাত্রকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ!

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়।
ভুক্তভোগী শিশু এমএম আন (১০) ফুলতলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামে আমিনুল ইসলাম মোল্লা ও মোকলেছুর রহমানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে ১৯ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে বরগুনা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলাও রয়েছে।
আহত শিশুর বাবা আমিনুল ইসলাম বুলবুল অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ মোকলেছুর রহমান (৫৫), তার স্ত্রী ময়না বেগম (৪৫) ও তার ভাই জবেদ আলী খলিফা (৬০) মিলে বিদ্যালয়ের সামনে তার ছেলে আনকে গলাটিপে হত্যার চেষ্টা চালায়।
তিনি আরও বলেন, শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
আহত শিশুর মা তাজনিপা বলেন, “বিদ্যালয়ের গেটের সামনে আমার ছেলের ওপর হামলা করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”
এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তবে অভিযুক্তদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর রশিদ বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered