প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2026 ইং
বরগুনায় গবাদিপশুর চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি: বরগুনায় গবাদিপশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ ও পরিবহন বিষয়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২০ এপ্রিল) সকালে শহরের বে অব বেঙ্গল কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়ের লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএলএলএফইএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও সারোয়ার লেদার করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আলী আশরাফ।
তিনি বলেন, সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানো ও সংরক্ষণের অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হচ্ছে, যা জাতীয় অর্থনীতির জন্য বড় ক্ষতির কারণ। এ ক্ষতি রোধে প্রশিক্ষণ ও সচেতনতার বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলএসবিপিসি’র সহকারী পরিচালক লিটন চন্দ্র রায়। তিনি বলেন, চামড়া শিল্পে সুদিন ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় আরও বক্তব্য দেন বরগুনা পৌরসভার কর্মকর্তা নাসিরুদ্দিন মাহমুদ। তিনি জানান, চামড়া শিল্পের উন্নয়নে স্থানীয় হাট কমিটি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইলেটের খণ্ডকালীন লেকচারার মো. শফিকুল ইসলাম। তিনি চামড়া সংরক্ষণের আধুনিক ও কারিগরি পদ্ধতি নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
নাসিরুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ চামড়া শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চামড়ার অপচয় রোধ করবে এবং মানসম্মত চামড়া রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered