প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ: তালতলীর প্রধান শিক্ষককে তলব

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার নয়া ভাইজোড়া বি.এন.এ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বিতরণের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষার্থীদের কাছ থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর বিদ্যালয়টি থেকে ৬৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। নিয়ম অনুযায়ী প্রবেশপত্র বিতরণের ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো বিধান নেই।
শিক্ষার্থীদের অভিযোগ, ফরম পূরণের সময় সব বকেয়া পরিশোধ করার পরও প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা দিতে হয়েছে। টাকা দিতে দেরি হলে অনেকের প্রবেশপত্র আটকে রাখা হয়।
জান্নাতি ও সজল চন্দ্র দাসসহ একাধিক পরীক্ষার্থী জানায়, তাদের কাছ থেকে ১ হাজার টাকা করে নেওয়া হয়েছে। টাকা না দিলে প্রবেশপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
অভিভাবক পারভীন বেগম বলেন, “সংসার চালাতেই হিমশিম খাচ্ছি। ফরম পূরণের সময় ধারদেনা করে সব টাকা দিয়েছি। এখন সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বাধ্য হয়ে আবার ১ হাজার টাকা দিতে হয়েছে।”
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, “প্রবেশপত্র বিতরণের জন্য ৫০০ টাকা করে নেওয়া হয়েছে। বাকি টাকা শিক্ষকেরা অতিরিক্ত কোচিং করিয়েছেন, তার পাওনা হিসেবে নিয়েছেন।”
এ বিষয়ে তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, “পরীক্ষা কেন্দ্রের কিছু খরচ আছে। প্রধান শিক্ষক জানিয়েছেন, তাঁরা ১ হাজার নয়, ৫০০ টাকা করে নিয়েছেন। এছাড়া তিন মাস কোচিং করানোর বিনিময়ে কিছু টাকা নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়েছিল।”
তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে উপজেলা প্রশাসন। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “প্রধান শিক্ষককে তলব করা হয়েছে। আজকের পরীক্ষা শেষে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered