প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
বরগুনায় হাম-রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি পরিদর্শন

বরগুনা প্রতিনিধি: সারাদেশের সঙ্গে সঙ্গতি রেখে হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে ‘জরুরি টিকাদান কর্মসূচি’র তৃতীয় পর্যায় শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ এপ্রিল) বরগুনা পৌরসভা ও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল টিকাকেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. মুস্তাফিজুর রহমান, বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।
পরিদর্শনকালে তারা টিকাদান কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার সকল কেন্দ্রে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া বরগুনার বামনা উপজেলাতেও হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে গত সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকাত আরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আফসানা আজাদ সারা, উপসহকারী মেডিকেল অফিসার ডা. সাবিত সিয়াম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশু বিনামূল্যে হাম ও রুবেলা প্রতিরোধ টিকা পাবে। অভিভাবকদের ভ্যাকসিন অ্যাপসে নিবন্ধন করে কার্ডসহ নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স ও ইপিআই কেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
উদ্বোধনী দিনে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার ২০৩ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়। এছাড়া উপজেলার আরও ৩৬টি সাব-ব্লক, ইপিআই ও কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ কার্যক্রম চলবে। উপজেলায় প্রায় ৬ হাজার শিশুকে এ টিকার আওতায় আনা হবে।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন