প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 19, 2026 ইং
স্বাস্থ্যসেবায় সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ জোরদারে বরগুনায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা

বরগুনা প্রতিনিধি : স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সমতা নিশ্চিতকরণ, জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিক অংশগ্রহণ জোরদারের লক্ষ্যে বরগুনায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বরগুনা শহরের জাগো নারী প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, বরগুনা। এতে সহযোগিতা করে জাগো নারী ও বাংলাদেশ হেলথ ওয়াচ।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর শেখ মাসুদুল আলম, প্রোগ্রাম ম্যানেজার মো. মোরশেদ আলম এবং কমিউনিকেশন অফিসার নওশীন মৌলি ওয়ারেসি। তারা স্বাস্থ্য খাতে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মনির হোসেন কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি।
সভায় সদস্যরা বরগুনার স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যা, সেবার মানোন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন।
এ সময় বক্তব্য দেন হারুনুর রশিদ হাওলাদার, জাহাঙ্গীর কবীর মৃধা, তালুকদার মো. আসাদ, মালেক মিঠু, ফেরদৌসী মহুয়া, জাগো নারীর পরিচালক গোলাম মোস্তফা, ফোকাল আফরোজ সুলতানা আঁখিসহ অনেকে।
বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্য খাতে সুশাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। এজন্য সরকারি-বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন