প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 12, 2026 ইং
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বামনায় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান

বামনা প্রতিনিধি: দেশের গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে ‘গণমাধ্যম সপ্তাহ’র রাষ্ট্রীয় স্বীকৃতি, সাংবাদিকদের জন্য নিয়োগ নীতিমালা প্রণয়ন এবং সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে বরগুনার বামনায় স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বামনা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের আহ্বানে সারাদেশে একযোগে এ কর্মসূচি পালিত হচ্ছে। স্বাধীনতার ৫৬ বছর পেরিয়ে গেলেও সংবাদকর্মীরা রাষ্ট্রীয়ভাবে কাঙ্ক্ষিত সুরক্ষা ও স্বীকৃতি পাননি বলে তারা অভিযোগ করেন।
তারা আরও বলেন, অন্যান্য পেশাজীবীরা রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করলেও সাংবাদিকরা এখনও অনেক ক্ষেত্রে অবহেলিত। পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন, নিয়োগ নীতিমালা প্রণয়ন এবং কার্যকর সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে।
বক্তারা বলেন, “সাংবাদিকদের জাতির বিবেক বলা হলেও বাস্তবে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। তাই গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সাংবাদিকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে।”
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন—মাই টিভির বরগুনা জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম স্বপন, জেলা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, সাংবাদিক মো. মেহেদী হাসানসহ বামনা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা এ আন্দোলন সফল করতে দেশের সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে প্রয়োজনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।
সংবাদ প্রেরক: আতিকুর রহমান ইশতি,
আপ্যায়ন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বরগুনা জেলা।
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন