প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 6, 2026 ইং
আমতলীতে বাসের চাপায় খানকার খাদেম নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে বাসের চাপায় মো. নুরুল হক মৃধা নামে এক খানকার খাদেম নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে আমতলী–কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নুরুল হক মৃধা পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা এবং আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে সড়কে পড়ে থাকা সহায়তার টাকা তুলতে যান নুরুল হক মৃধা। এ সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটির চাকা তার মাথার ওপর দিয়ে উঠে গেলে মাথার খুলি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
দুর্ঘটনার শব্দ পেয়ে খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের শিক্ষার্থী ও খাদেম মো. আলতাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন স্বর্ণা তাকে মৃত ঘোষণা করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নিহতের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered