প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 26, 2026 ইং
বেতাগীতে স্বাধীনতা দিবসে রং-তুলির খুদে শিল্পীদের বিজয় উল্লাস

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরগুনার বেতাগীতে ‘রং তুলিতে বিজয় উল্লাস’ করেছে খুদে শিল্পীরা। শিশু-কিশোরদের অংশগ্রহণে রং-তুলিতে লাল-সবুজের নান্দনিক ছোঁয়ায় মুখর হয়ে ওঠে বেতাগী সরকারি পাইলট বিদ্যালয় মাঠ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধকে উপজীব্য করে আয়োজিত এই কর্মসূচিতে তিন শতাধিক শিশু-কিশোরকে বিনামূল্যে জাতীয় পতাকা আঁকা শেখানো হয়।
শিশুদের হাতে রং-তুলির স্পর্শে লাল-সবুজের পতাকার দৃষ্টিনন্দন শিল্পকর্মে সাজানো হয় অনুষ্ঠানস্থল। খুদে শিল্পীদের আঁকা ছবিতে পুরো মাঠজুড়ে ছড়িয়ে পড়ে স্বাধীনতার আনন্দ ও দেশপ্রেমের আবহ।
এতে অংশগ্রহণ করে খুদে শিল্পী মোসা. নুপুর ইসমাত মেহজাবিন বিন্তি, বুশরা বিশ্বাস, মো. সোহেল মীর, মো. সুমন মিয়া, মো. আরিফুল ইসলাম মান্না, ইমরান হোসেন, মো. তাওহীদ হোসেন, মো. আমির হোসেন, মো. সৌরভ জোমাদ্দার, মো. খাইরুল ইসলাম মুন্না প্রমুখ।
কর্মসূচি পরিদর্শন করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. সাদ্দাম হোসেন।
অংশগ্রহণকারী খুদে শিল্পী ইসমাত মেহজাবিন বিন্তি বলেন, “সৃজনশীল কাজে অংশ নিয়ে আমি খুবই আনন্দিত। আমাদের মতো অন্য শিশু-কিশোরদের অনুপ্রাণিত করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।”
সংগঠনের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম মুন্না জানান, প্রতিবছরের মতো এবারও এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে তিন শতাধিক শিশু-কিশোরকে জাতীয় পতাকা আঁকা শেখানো হয়েছে।
উদীচী শিল্পীগোষ্ঠী বেতাগী উপজেলা সভাপতি দীপক কুমার গুহ বলেন, এই ধরনের কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোররা চিত্রকলার চর্চার সঙ্গে যুক্ত থাকতে পারে এবং জাতীয় পতাকা আঁকার মাধ্যমে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. সাদ্দাম হোসেন বলেন, এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে এগিয়ে যেতে সহায়তা করে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered