প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 25, 2026 ইং
কাফনের কাপড়সহ হুমকি: স্থগিত বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন

বরগুনা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের কাছে ডাকযোগে কাফনের কাপড় ও হত্যার হুমকি সম্বলিত চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
আগামী ১০ এপ্রিল বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে বুধবার (২৫ মার্চ) নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-এর নির্বাচন কমিশনার অ্যাডভোকেট লতিফ ফরাজি।
তিনি জানান,গত বুধবার সকালে ডাকযোগে একটি সাদা কাফনের কাপড়সহ হুমকিমূলক চিঠি পাঠানো হয়। নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা পাঁচজনের কাছে এমন চিঠি পৌঁছেছে। চিঠিতে লেখা ছিল— “আপনারা যদি এই ফ্যাসিস্ট নির্বাচন করেন, তাহলে আপনাদের পরিণতি হবে সাদা কাফন।” এ ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল লতিফের স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, আগামী ১০ এপ্রিল নির্ধারিত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপ্রীতিকর, অরুচিকর ও শিষ্টাচারবহির্ভূত আচরণ এবং নির্বাচন বানচালের হুমকি পাওয়া গেছে। এমনকি নির্ধারিত দিনে নির্বাচন প্রতিরোধ করার ভয়ানক হুমকিও দেওয়া হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সদস্যদের ডাকযোগে জীবননাশের হুমকি সম্বলিত চিঠি পাঠানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত দিনে নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও একটি হুমকিমূলক চিঠি ছড়িয়ে পড়েছে। ওই চিঠিতে নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট লতিফ ফরাজীর নাম উল্লেখ করে লেখা হয়েছে— “নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের পাতানো নির্বাচন বন্ধ কর, নতুবা তোমাদের পরিণতি সাদা কাফন।” চিঠির শেষে “সাধারণ সদস্যরা, বরগুনা জেলা আইনজীবী সমিতি” নামে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered